কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত
মিজানুরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার গভীর রাতে কক্সবাজার শহরের প্রধান সড়কের আলীরজাঁহাল এলাকার সাবমেরিন স্টেশনের পাশে এ ঘটনা ঘটে বলে কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
নিহত ২৪ বছর বয়সী মিজানুর রহমান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকার পাড়ার আনসার উল্লাহর ছেলে।
নিহতের মামা মোহাম্মদ হোসেন বলেন, মিজানুর ও তিনি কক্সবাজার শহরে ইজিবাইক চালান। শনিবার গভীর রাতে শহরের ভোলা বাবুর পেট্রোল পাম্প এলাকা থেকে যাত্রী নিয়ে তারা কক্সবাজার সদর উপজেলা গেইটে ইজিবাইক গ্যারেজে ফিরছিলেন। পথে যাত্রীরা শহরের কালুর দোকান এলাকায় নেমে যান।
পরে তারা গাড়ি নিয়ে আলীরজাঁহাল সাবমেরিন স্টেশন এলাকায় পৌঁছালে পাঁচজন যুবক তাদের গতিরোধ করে। এ সময় ওই যুবকরা মিজানুরের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে তিনি একজনকে ঝাপটে ধরে ফেলেন।
পরে অন্য সহযোগীরা মিজানুরকে ছুরিকাঘাত করে ওই ছিনতাইকারীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হোসেন বলেন,“মিজানুরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
