লালমনিরহাটে ট্রেন লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
লালমনিরহাটে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি কমিউটার-থি ট্রেন লালমনিরহাট-রংপুর রেলপথের মহেন্দ্রনগর স্টেশন এলাকায় লাইনচ্যুত হয় বলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার জামিল উদ্দিন আহমেদ জানান।
এতে সারা দেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার ৪ ঘণ্টার পর বিকাল ৫টায় ওই লাইনে আবারও ট্রেন চালু হয়।
স্টেশন মাস্টার জামিল উদ্দিন জানান, এতে হতাহতের ঘটনা না ঘটলেও লাইন এবং ট্রেনের একটি বগির দরজা-জানালার আংশিক ক্ষতি হয়েছে।
এদিকে, উদ্ধারকাজে নিয়োজিত থাকা লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটির করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত রির্পোট দেওয়া হবে।
