সোমেশ্বরীতে বালুবাহী নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ
নেত্রকোণার দুর্গাপুরে নিখোঁজ শ্রমিককে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে বালুবাহী নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। আর সাঁতরে তীরে ফিরেছেন নৌকায় থাকা অন্য সাত শ্রমিক।
রোববার সকালে উপজেলার কামারখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান।
এদিকে নিখোঁজ শ্রমিককে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ শামীম মিয়া (২০) কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
নৌকায় থাকা অন্য শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নদীর জিরো পয়েন্ট থেকে নৌকায় বালু ভরে তারা ফিরছিলেন। পথে অপর একটি বালুবাহী নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে একটি নৌকা পানিতে তলিয়ে যায়।
নৌকায় থাকা আট শ্রমিকের মধ্যে সাতজন সাঁতরে তীরে ফিরলেও শামীম নিখোঁজ রয়েছেন।
ডুবুরি দলের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল।
