জমিতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা
জমিতে ধানের পোকা দমনে বিষ দিতে গিয়ে আর বাড়ি ফেরেননি তিনি; খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ মেলে।
নাটোরের লালপুরে জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জমির মালিক ও তার ছেলে বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান।
নিহত দীপক অঞ্জন সরকার (৫০) ওই গ্রামের মৃত নরেন সরকারের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহতের পরিবার ও এলাকাবাসীর বরাতে ওসি বলেন, দীপক জমিতে ধানের পোকা দমনে বিষ দিতে গিয়ে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
“এক পর্যায়ে পাশের জমির বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় তারা।"
এ ঘটনায় জমির মালিক আহাদ আলী ও তার ছেলে আকরাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মোনোয়ারুজ্জামান।
