যশোরে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
স্থানীয়রা জানিয়েছেন তরুণী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি এলাকায় বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতেন।
যশোরের মনিরামপুর উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মশিহাটি ইউনিয়নের কুলটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মনিরামপুর থানার এসআই নাজমুল হক।
নিহত অজ্ঞাতপরিচয় ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর।
এসআই নাজমুল জানান, সকালে খবর পেয়ে পুকুরে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন মৃত তরুণী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি এলাকায় বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতেন। বৃহস্পতিবারও তাকে কুলটিয়া বিদ্যালয় ও ওই পুকুর এলাকায় দেখা গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
