কুমিল্লায় শাহাদাত হত্যাকাণ্ডে কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’: র্যাব
র্যাব বলছে, তাদের হাতে গ্রেপ্তার মামলার প্রধান আসামি রতন মিয়াই রতন গ্রুপের প্রধান এবং এ হত্যাকাণ্ডের হোতা।
কুমিল্লা নগরীতে কিশোর শাহাদাত হোসেনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনা স্থায়ীয় কিশোর গ্যাং রতন গ্রুপের বলে দাবি র্যাবের।
রোববার সকালে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেন র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
মেজর সাকিব হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ নয় জনকে, র্যাব ছয়জনকে এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছেন।
এর আগে এ ঘটনায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা শাহানারা বেগম।
মামলার পর রাতভর কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালি থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।
পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যে, দুটি সুইচ গিয়ার, চারটি বড় ছোরা ও একটি এন্টি কাটার জব্দ করা হয়েছে।
র্যাবের হাতে গ্রেপ্তাররা হলেন নগরীর ফৌজদারী মফিজাবাদ কলোনির আবুল কাশেমের ছেলে রতন মিয়া (২০), জহির মিয়ার ছেলে আকাশ হোসেন (২০), শাহ আলমের ছেলে সিয়াম হোসেন (২০), ভাটপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মো. তানজীদ (১৯), কালিয়াজুগি এলাকার মৃত মো. ফয়েজের ছেলে ইয়াসিন আরাফাত রাসেল (২১) ও বাঘমারা এলাকার মোহন মিয়ার ছেলে আসিফ হোসেন রিফাত (১৯)।
র্যাব কর্মকর্তা সাকিব বলেন, তাদের হাতে গ্রেপ্তার মামলার প্রধান আসামি রতন মিয়াই ‘রতন গ্রুপ’র প্রধান এবং সে এ হত্যাকাণ্ডের হোতা।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সংগঠিত করার কথা স্বীকার করেছে রতনসহ তার গ্যাংয়ের সদস্যরা। তবে রতন গ্রুপ র্যাবের কাছে দাবি করেছে, শাহাদাতও নগরীর আরেক আলোচিত কিশোর গ্যাং ‘ঈগল গ্রুপ’র সদস্য। খুনের নেপথ্যের কারণ ছিল দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব।”
গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুমিল্লা নগর উদ্যানের পাশে কাস্টমস অফিস ও আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের সামনের এলাকাটিতে কিশোর শাহাদাত হোসেনকে প্রকাশে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত শাহাদাত নগরীর পুরাতন চৌধুরীপাড়া হোমিও কলেজে এলাকার বশু মিয়ার বাড়ির গাড়িচালক মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে; এবং কুমিল্লা নগর উদ্যানের (পার্ক) একটি রাইডের কর্মচারী ছিলেন।
শাহাদাত হত্যাকাণ্ডের ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে দেখা গেছে- শুক্রবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে পার্কের পূর্ব দিকের গেইট থেকে অন্তত ২০ জনের একটি দল শাহাদাতকে ধাওয়া করে। এ সময় শাহাদাত দৌড়ে পালাতে গেলে হামলাকারীদের দুইজন তাকে পেছন থেকে এসে দৌড়ের মধ্যেই ছুরিকাঘাত করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সাদা পাঞ্জাবি-টুপি পরা আরেক ব্যক্তি হামলাকারীদের বাধা দিয়ে শাহাদাতকে বাঁচানোর চেষ্টা করেন।
কিন্তু দৌড়ের মধ্যে থাকা হামলাকারীরা শাহাদাতকে মারধর করতে থাকে। মাত্র দুই মিনিটের মধ্যে শাহাদাতের মৃত্যু নিশ্চিত করে ৬টা ১৬ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় শাহাদাতকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
পরে কয়েকজন এসে শাহাদাতকে ফুটপাত থেকে ওঠানোর চেষ্টা করেন এবং তাকে একটি রিকশায় তুলে হাসপাতালে পাঠান।
এভাবে প্রকাশ্যে খুনের ঘটনায় কুমিল্লা নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলোচনা চলছে, কিশোর গ্যাংয়ের ভয়াবহতা নিয়েও।
এদিকে, রোববার দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার বলেন, “এখন পর্যন্ত শাহাদাত হত্যাকাণ্ডের ঘটনায় যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে থানা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেছে নয় জনকে।”
তাদের আদালতে পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আরও পড়ুন:
