২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় শাহাদাত হত্যায় মামলা দায়ের, জড়িতরা ‘কিশোর গ্যাংয়ের’

পুলিশ বলছে, শাহাদাতও কিশোর গ্রুপের সদস্য ছিলো।

কুমিল্লায় শাহাদাত হত্যায় মামলা দায়ের, জড়িতরা ‘কিশোর গ্যাংয়ের’

হামলার পর শাহাদাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 11:45 AM

Updated : 21 Aug 2022, 03:27 PM

কুমিল্লা নগরীতে কিশোর মো. শাহাদাত হোসেনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় জড়িতরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, শনিবার রাত ১০টার দিকে নিহতের মা শাহানারা বেগম ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ছয় থেকে সাতজনকে আসামি করে এ মামলা করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুমিল্লা নগর উদ্যান পার্কের পাশে কাস্টমস অফিসের সামনে ১৫ বছর বয়সী শাহাদাতকে প্রকাশ্যে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।

ঘটনাটি কিশোর গ্যাং ঘটিয়েছে জানিয়ে ওসি বলছেন, শুক্রবার রাতেই নগরীর মফিজাবাদ কলোনিসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছেন তারা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত শাহাদাত নগরীর পুরাতন চৌধুরীপাড়া হোমিও কলেজ এলাকার গাড়ি চালক মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে। তিনি কুমিল্লা নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী ছিলেন।

রাইডের মালিক তাজুল ইসলাম জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ১৫ দিন আগে চাকরি ছেড়ে দেয় শাহাদাত। শুক্রবার সে নগর উদ্যানে ঘুরতে আসে। এ সময় নগরীর মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামের দুই তরুণ তাকে ডেকে নিয়ে যায়। পরে পার্ক লাগোয়া স্থানটিতে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।”

পুরনো খবর:

কুমিল্লায় কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

শাহাদাত হত্যাকাণ্ডের ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে-শুক্রবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে পার্কের পূর্ব দিকের গেইট থেকে অন্তত ২০ জনের একটি দল শাহাদাতকে ধাওয়া করে। এ সময় শাহাদাত দৌঁড়ে পালাতে গেলে হামলাকারীদের দুইজন তাকে পেছন থেকে এসে দৌঁড়ের মধ্যেই ছুরিকাঘাত করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সাদা পাঞ্জাবি টুপি পরা আরেক ব্যক্তি হামলাকারীদের বাঁধা দিয়ে শাহাদাতকে বাঁচানোর চেষ্টা করেন।

কিন্তু দৌঁড়ের মধ্যে থাকা হামলাকারীরা শাহাদাতকে মারধর করতে থাকে। মাত্র দুই মিনিটের মধ্যে শাহাদাতের মৃত্যু নিশ্চিত করে ৬টা ১৬ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় শাহাদাতকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে কয়েকজন এসে শাহাদাতকে ফুটপাত থেকে ওঠানোর চেষ্টা করেন এবং তাকে একটি রিকশায় তুলে হাসপাতালে পাঠান।

এভাবে প্রকাশ্যে খুনের ঘটনায় কুমিল্লা নগর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আলোচনা চলছে কিশোর গ্যাংয়ের ভয়াবহতা নিয়েও।

ওসি সহিদুর বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন মাধ্যমে প্রাথমিকভাবে জানতে পেরেছি, শাহাদাত অপর একটি কিশোর গ্রুপের সদস্য ছিলো। তার হত্যাকারীদের একজনকে সে আগে মারধর করেছিলো। সেই প্রতিশোধ নিতেই কিশোর গ্রুপ শাহাদাতকে হত্যা করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”