২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

দুই তরুণ প্রকাশ্যে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

কুমিল্লায় কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

শাহাদাতকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 01:04 AM

Updated : 20 Aug 2022, 01:04 AM

কুমিল্লা নগরীতে এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুই তরুণ।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লার নগর উদ্যানের পাশে কাস্টমস অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সহিদুর রহমান জানান।

নিহত শাহাদাত হোসেন (১৫) নগরীর পুরাতন চৌধুরীপাড়ার হোমিও কলেজ এলাকার মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে।

শাহাদাত কুমিল্লা নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী ছিলেন।

নগর উদ্যানের ওই রাইডের মালিক তাজুল ইসলাম জনি বলেন, “শাহাদাত আমার সঙ্গে বেশ কিছুদিন কাজ করেছে। প্রায় ১৫ দিন আগে সে আমার এখান থেকে চাকরি ছেড়ে চলে যায়।

“বিকালে সে নগর উদ্যানে ঘুরতে এলে নগরীর মফিজাবাদ কলোনির দুই তরুণ শাহাদাতকে ডেকে নেয়। পার্ক লাগোয়া কাস্টমস অফিসের সামনে নিয়ে ওই দুই তরুণ প্রকাশ্যে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “শাহাদাত নামের ওই কিশোরকে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে।”

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে শনিবার সকালে ময়নাতদন্ত হবে।

“ঘটনাস্থলে পুলিশ আছে; আমরা বিভিন্ন আলামত ও সিসিটিভি ভিডিও সংগ্রহের চেষ্টা করেছি। এখনও এ হত্যার নেপথ্যের কারণ জানতে পারিনি।”

থানায় এখনও মামলা হয়নি; তবে হত্যাকারীদের ধরতে আমরা অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।