২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্ত্রীকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী গ্রেপ্তার

বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে এই গৃহবধূকে তার স্বামী নির্যাতন করছিলেন বলে স্বজনদের অভিযোগ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 01:15 AM

Updated : 01 Nov 2022, 01:15 AM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘যৌতুকের জন্য’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

সোমবার দুপুরে উপজেলার বগাদি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে গৃহবধূর স্বজন ও পুলিশ জানিয়েছে।

নিহত গৃহবধূ (৩০) ওই গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।

নিহতের ছোট বোন সাংবাদিকদের জানান, দুই বছর আগে ইয়াছিনের সঙ্গে পারিবারিকভাবে তার বোনের বিয়ে হয়৷ বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বোনকে নির্যাতন করছিলেন ভগ্নিপতি৷

“সোমবার দুপুরেও বিশ হাজার টাকা দাবি করলে তা না দেওয়ায় আমার বোনকে পিটিয়ে আহত করে ইয়াছিন৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।”

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক জানান, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ গ্রহণ করে ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।