২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক

প্রাইভেট কার থামিয়ে তিনি পদ্মায় ঝাঁপ দেন

পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক

পদ্মা সেতু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2022, 09:06 PM

Updated : 16 Aug 2022, 09:06 PM

পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে এক তৈরি পোশাক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ মো.নুরুজ্জামানের (৩৮) বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জুরাইন গ্রামে। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরে উর্মি গার্মেন্টে কর্মরত ছিলেন।

সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সেতুর মাঝামাঝি স্থান থেকে ঝাঁপ দেন নুরুজ্জামান। খবর পেয়ে প্রবল স্রোতের মধ্যে সেনাবাহিনী ও নৌ-পুলিশ তার সন্ধান শুরু করে বলে জানান মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওহিদুজ্জামান।

তিনি আরও বলেন, “মঙ্গলবার সকাল থেকে আবার খোঁজাখুঁজি শুরু হয়েছে।”

নিখোঁজ নুরুজ্জামানের সহকর্মী ওমর ফারুক সাংবাদিকদের জানান, একটি প্রাইভেট কার ভাড়া করে তারা দুই বন্ধু সোমবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হন। পদ্মা সেতু দিয়ে তারা ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধে উপস্থিত হন।

“পরে দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা করেও বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে না পেরে আমরা ফিরে আসি। পদ্মা সেতু অতিক্রম করার এক পর্যায়ে প্রাইভেট কার থামিয়ে নুরুজ্জামান পদ্মায় ঝাঁপ দেন।”

ওমর ফারুক বলেন, তখন জরুরি নাম্বারে কল দিয়ে নৌ-পুলিশকে জানানো হয়। তারা খোঁজাখুঁজি শুরু করেন।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওহিদুজ্জামান বলেন, প্রাইভেট কারসহ চালক আজিজুল ইসলাম এবং ওমর ফারুক পুলিশ স্টেশনে আছেন।

এদিকে এ ব্যাপারে জানতে চাইলে পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনাটি পদ্মা দক্ষিণ থানার আওতায়।

পদ্মা দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এমন কোনো তথ্য তাদের কাছে নেই।