২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকার বেশি জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 07:43 PM

Updated : 12 Dec 2023, 07:43 PM

বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে ১৩ প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকার বেশি জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার নির্বাহী হাকিম আব্দুর রহিম।

তিনি জানিয়েছেন, বাজারে সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছেন।

বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের নির্দেশে জাজিরা, ভেদরগঞ্জ, গোসাইরহাট, ডামুড্যা ও নড়িয়া উপজেলার বিভিন্ন বাজারে সহকারী কমিশনারদের (ভূমি) নিয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বাজারগুলোতে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলায় ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান নির্বাহী হাকিম।

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, আমদানি বন্ধের খবরে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন। ভোক্তা হয়রানি বন্ধ ও বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।