২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডামি নির্বাচনে’ মানুষ অংশ নেবে না: মিনু

২৮ অক্টোবরের পর থেকে রাজশাহীতে ১৬৩৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন সাবেক মেয়র।

‘ডামি নির্বাচনে’ মানুষ অংশ নেবে না: মিনু

রোববার সকালে নগরীর বাটার মোড়ে মানববন্ধন করে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 08:32 PM

Updated : 10 Dec 2023, 08:32 PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র বলেছেন, “আজ যারা এই ডামি নির্বাচন করছে; সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে না। রাজশাহীতে আমরা অতীতের মত প্রমাণ করে দেব, ওই সেন্টারগুলোতে জন্তু ছাড়া কোনো মানুষ অংশগ্রহণ করবে না।”

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধনে এসব কথা বলেন মিজানুর রহমান মিনু। রোববার সকালে নগরীর বাটার মোড়ে এ মানববন্ধনের আয়োজন রাজশাহী মহানগর ও জেলা বিএনপি। 

২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত রাজশাহীতে এক হাজার ৬৩৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে মিজানুর রহমান মিনু বলেন, “সাধারণ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের কাছে প্রচুর টাকা চাওয়া হচ্ছে। টাকা দিতে না পারলে কারাগারে পাঠিয়ে দিচ্ছে।”

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

মানববন্ধন চলাকালে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মানববন্ধন শেষ করে চলে যাওয়ার সময় সাদা পোশাকে পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। মানববন্ধন শেষ করে কিছু দূর যাওয়ার পর কোনো কারণ ছাড়াই সাদা পোশাকে পুলিশ বিএনপি পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।”

এদের মধ্যে রয়েছেন- নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ডিকেন, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি মিঠু ও যুবদল নেতা কচি।

তবে অপর দুইজনের নাম জানাতে পারেননি বুলবুল।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, “আটককৃতরা নাশকতার মামলার আসামি। তারা আত্মগোপনে ছিলেন। মানববন্ধনে অংশ নিতে এসেছিলেন তারা।”