২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নকে যারা বাধা দেবে তাদেরকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্বাধীনতাবিরোধী শক্তিরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দীপু মনি।

উন্নয়নকে যারা বাধা দেবে তাদেরকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 09:43 PM

Updated : 26 Jul 2023, 09:43 PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্বাধীনতাবিরোধী শক্তিরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

তিনি বলেন, “তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা সরকারের নানা উন্নয়নকে বাধা দিতে চায়, তাদের প্রতিহত করতে হবে।” 

বুধবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভায় টেলিকনফারেন্সে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

শিক্ষামন্ত্রী বলেন, “জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।” 

এসময় যুবলীগকে শক্তিশালী সংগঠন উল্লেখ করে এর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন তিনি। 

৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ইসমাইল মালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা খানসহ অন্যরা।