২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি ছেলের সাক্ষাতে এসে গাঁজাসহ বাবা আটক

আটক গোলাম আক্তার নিজেই গাঁজা সেবন করেন বলে পুলিশকে জানিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 01:31 AM

Updated : 14 Sep 2022, 01:31 AM

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি হত্যা মামলার আসামি ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে গাঁজা ও সেবন-সামগ্রীসহ আটক হয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার দুপুরে কারা কমপ্লেক্সের প্রধান ফটকে কারারক্ষীদের হাতে তিনি আটক হন বলে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার এসআই শওকত ইমরান জানান।

আটক গোলাম আক্তার (৫৪) কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুরের প্রয়াত নুরুল হকের ছেলে।

এসআই শওকত ইমরান জানান, ছেলের সঙ্গে দেখা করতে যাওয়া গোলাম আক্তারের দেহ তল্লাশি করে পাঁচ গ্রাম গাঁজা, ১০ গ্রাম তামাকের মিক্সচার, একটি কলকি ও একটি কাঁচি জব্দ করেন কারাগারের প্রধান ফটকের আরপি চেকপোস্টে দায়িত্বরত রাশেদুল ইসলাম। পরে তিনি বিষয়টি কোনাবাড়ী থানা পুলিশকে জানান। পুলিশ গোলাম আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

এসআই শওকত বলেন, জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানান যে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি ছেলে সাইফুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।

কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক বলেন, আটক গোলাম আক্তার নিজেই গাঁজা সেবন করেন বলে জানিয়েছেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছেন।