হরতাল-অবরোধের বিরতিতে কক্সবাজারে পর্যটকের ঢল
এর মধ্যে কক্সবাজার শহরের হোটেল-মোটেলের ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
দেড় মাস ধরে টানা হরতাল-অবরোধের কারণে পর্যটক শূন্য ছিল দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার। বিজয় দিবসকে সামনে রেখে সাপ্তাহিক দুইদিনের ছুটিতে পর্যটকের সেই খরা কাটিয়ে প্রাণ ফিরে পেয়েছে সমুদ্র সৈকত।
বৃহস্পতিবার থেকে সমুদ্রমুখী হয়েছেন পর্যটকরা। এর মধ্যে কক্সবাজার শহরের হোটেল-মোটেলের ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
তারা জানিয়েছেন, সাপ্তাহিক ছুটি ও বিজয় দিবস উপলক্ষে লক্ষাধিক পর্যটক কক্সবাজার এসেছেন।
শুক্রবার শহরের কলাতলী, সুগন্ধা ও লাবনী পয়েন্টের তিন কিলোমিটার সৈকতে সকাল থেকে পর্যটকরা সৈকতে ঘোরাঘুরি, সমুদ্রস্নানসহ আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন।
ঢাকার মিরপুর থেকে সপরিবারে বেড়াতে আসা কামরুল ইসলাম বলেন, “বেশ কয়েকদিন সময় নিয়ে পরিবারের আটজন এখানে ঘুরতে এলাম। শনিবার সেন্ট মার্টিন যাব। শীতকালে কক্সবাজার বেড়াতে ভালো লাগে।”
কিশোরগঞ্জের কুলিয়ার চর থেকে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল মোতালেব বলেন, “অনেক দিন থেকে পরিকল্পনা ছিল বিজয় দিবসটা কক্সবাজারে উদযাপন করব। বৃহস্পতিবার চলে এলাম। এখন সৈকতে পরিবারের সঙ্গে সময়টা বেশ ভালো কাটছে।”
এদিকে দুয়েক দিনের মধ্যে পর্যটক সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, কক্সবাজার-ঢাকা পথে ট্রেন চলাচল শুরু হওয়ায় পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারছেন। এতে চলতি মাসের শুরু থেকে পর্যটক বাড়তে শুরু করেছে।
