২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ‘কোটি টাকার’ মাদক উদ্ধার, আটক ২

একটি প্লাস্টিকের বস্তা থেকে ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2022, 11:26 AM

Updated : 29 Jul 2022, 11:26 AM

কক্সবাজারের টেকনাফে প্রায় পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার এবং দুই মাদক পাচারকারিকে আটকের খবর জানিয়েছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর আনোয়ার প্রজেক্ট এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করেন তারা।

আটকরা হল- হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আবুল কাশেমের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২০) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (১৯)।

খালিদ বলেন, “মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের খবরে বিজিবির দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি কাঠের নৌকায় করে দুইজন ব্যক্তিকে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করতে দেখেন তারা।

“পরে ওই দুইজন নদীর তীরে পৌঁছলে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়। এ সময় তারা নৌকা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে বিজিবি।”

পরে নৌকায় তল্লাশি করে পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২০ হাজার ইয়াবা এবং ১৫ কেজি ওজনের মাছ ধরার কারেন্ট জাল উদ্ধার করা হয় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।

উদ্ধার মাদক, জাল ও নৌকাটির আনুমানিক মূল্য ৫ কোটি ৯১ লাখ ৬৫ হাজার টাকা জানিয়ে তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।