২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর সড়কে পড়ে ছিল দুটি মরদেহ

পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 11:41 PM

Updated : 10 Jan 2023, 11:41 PM

যশোর সদর উপজেলায় সড়কে পড়ে থাকা দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যশোর-ঝিনাইদহ সড়কের শানতলা এলাকার সাবেক পেপসি কোম্পানি ভবনের সামনে থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে দুটি মরদেহ উদ্ধার করা হয় বলে যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম জানান।  

নিহতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের ইসাহাক আলীর ছেলে বুলু মিয়া (৪০) এবং যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের কাদের মোল্লার ছেলে হযরত আলী (৩৫)।

হযরত ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি তাজুল ইসলাম জানান, সড়কে দুই মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান।

“ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তবে কোন পরিবহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। দুর্ঘটনার পর পরিবহনটি পালিয়ে গেছে বলে মনে হয়।”

ঘটনাস্থলে থাকা যশোর সদরের চুড়ামনকাটির সাংবাদিক আলমগীর হোসেন বলেন, তারা কয়েকজন মোটরসাইকেলে যশোর শহর থেকে চুড়ামনকাটি যাওয়ার পথে ওই দুজনকে পড়ে থাকতে দেখেন। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন।

“সড়কে পড়ে থাকা একটি মোবাইল থেকে পরিবারের কাছে ফোন দিয়ে জানতে পারি সেটি বুলুর। তিনি বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের চাচাতো ভাই।”

আলমগীর আরও বলেন, “ইউপি চেয়ারম্যান আমাদের জানান, বুলু ভাড়ায়চালিত মোটরসাইকেলে রাতে বারোবাজার থেকে যশোরের ধর্মতলায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।“