২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

পিকআপে ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৪

পিকআপে করে ২০ থেকে ২৫ জন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের মাঠে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন।  

পিকআপে ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৪

রোববার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় দুর্ঘটনায় চারজন মারা গেছেন।

কুমিল্লা প্রতিনিধি

Published : 11 Jun 2023, 09:18 PM

Updated : 11 Jun 2023, 09:32 PM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পিকআপের সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন সাতজন। 

রোববার বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান। 

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় আলী আহমদের ছেলে ও পিকআপের চালক মোর্শেদুল আলম (৩০), একই এলাকার জয়নাল আবেদীন মোহনের ছেলে মো. সৈকত (১৭), ভোতা মিয়ার ছেলে ফয়সাল হোসেন (২১) এবং শাহ আলমের ছেলে ও নবম শ্রেণির শিক্ষার্থী মো. শাকিব হোসেন (১৫)। 

তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ওসি দেবাশীষ জানান, পিকআপটিতে করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) খেলা দেখতে যাচ্ছিলেন লালবাগ এলাকার একদল তরুণ। জোড়কানন এলাকায় পিকআপটি উল্টো পথে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে পিকআপ ও কভার্ডভ্যান সড়কে পাশে খাদে পড়ে যায়। এবং কভার্ডভ্যানটি পিকআপটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় পিকআপে থাকা অনেকে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ওসি বলেন, “হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা গেছেন। তবে ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা গেছেন বলে শুনেছি। কিন্তু আমরা লাশ পাইনি। তাই নিশ্চিত না। ” 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মো. শাকিব হোসেন মারা যান বলে জানান তার চাচা রবিউল আলম রুবেল। 

তিনি সাংবাদিকদের বলেন, “ঢাকার নেওয়ার পথে আমার ভাইপো মারা গেছেন। ময়নাতদন্ত করাব না বলে মরদেহ বাড়ি নিয়ে এসেছি।” 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা তাদের খোঁজ-খবর নিচ্ছি।