দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ও ইস্টার্ন ইউনিভার্সিটির এমওইউ
সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক সহযোগিতার বিভিন্ন উদ্যোগ নেবে।
আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও শিক্ষা সংক্রান্ত যৌথ কার্যক্রম সম্প্রসারণে দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির (এসপিইউ ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি।
গত ১৭ নভেম্বর এ চুক্তি সই হয়েছে বলে মঙ্গলবার ইস্টার্ন ইউনিভার্সিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে সল প্লাকি ইউনিভার্সিটির পক্ষে ডেপুটি উপাচার্য (টিচিং অ্যান্ড লার্নিং) অধ্যাপক পল গ্রিন এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক সহযোগিতার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। হিসাববিজ্ঞান, অর্থনীতি ও ফিন্যান্স, ব্যবসায় ও ব্যবস্থাপনা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, ইংরেজি ও মানবিকবিদ্যাসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে।
পাশাপাশি সুযোগ ও সম্পদের প্রাপ্যতা সাপেক্ষে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথভাবে সেমিনার ও সম্মেলন আয়োজনের বিষয়েও সমঝোতা হয়েছে।
তিন বছরের এ সমঝোতা স্মারক পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে।
