নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
“এটি বিশ্বের প্রথম জেনেরিক গর্ভনিরোধক ইনজেকশন,” দাবি ইনসেপ্টার।
নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনা সহজ ও সুবিধাজনক করতে গর্ভনিরোধক ইনজেকশন নিয়ে এল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস দাবি করেছে, এটি ‘বিশ্বের প্রথম জেনেরিক গর্ভনিরোধক ইনজেকশন’।
এদিন রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট বিপি ১০৪ এমজি/০.৬৫ এমএল সাবকিউটেনিয়াস ইনজেকশন’ নামের এ ওষুধটি উদ্বোধন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এটি বংলাদেশে প্রথম একবার ব্যবহার করা যাবে এমন ডিভাইসে বাজারজাতকৃত স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন। আধুনিক ও ব্যবহারবান্ধব এই পদ্ধতি নারীদের নিজ উদ্যোগে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি করে পরিবার পরিকল্পনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
“মোডেজন সাবকিউ প্রতি তিন মাস অন্তর ত্বকের নিচে প্রয়োগ করতে হবে। এটি মাংসপেশিতে প্রয়োগযোগ্য, ফর্মুলেশনের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম মাত্রায় কার্যকর গর্ভনিরোধক সুরক্ষা প্রদান করে। এর ফলে নারীরা স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছে ঘন ঘন না গিয়েই আরও সহজ, সুবিধাজনক ও নিরাপদ উপায়ে জন্মনিয়ন্ত্রণের সুবিধা পেতে পারেন।”
উদ্বোধন অনুষ্ঠানে ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, “এই ওষুধটি সাধারণ ঔষধ নয়। এটির পেছনে রয়েছে কারিগরি ও প্রযুক্তিগত এবং চিকিৎসাবিজ্ঞানের নিরলস গবেষণার প্রচেষ্টা। বিশ্বের নারীদের স্বাস্থ্যসেবায় এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”
অনুষ্ঠানে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম, ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম, বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আক্তার, ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অফ বাংলাদেশর (এফএসএসবি) সেক্রেটারি জেনারেল অধ্যাপক মারুফ সিদ্দিকী, ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম, ওজিএসবির প্রেসিডেন্ট ইলেক্ট অধ্যাপক শেহরীন এফ সিদ্দিকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মুশাররাত সুলতানা সুমী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমসিএইচ) মুঞ্জুর হোসেন, ওজিএসবির সায়েন্টিফিক সেক্রেটারি তাবাসসুম পারভীন এবং এফএসএসবির কোষাধ্যক্ষ অধ্যাপক নুশরাত মাহমুদ উপস্থিত ছিলেন।
