চুয়াডাঙ্গায় টিকা নিয়ে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশুর
কেন্দ্র থেকে পোলিও টিকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় সদর উপজেলায় পোলিও টিকা নিয়ে বাড়ি ফেরার পথে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে শঙ্করচন্দ্র ইউনিয়নের উকতো গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান।
নিহত চার বছর বয়সি লামিম হোসেন ওই এলাকার ইসরাফিল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাহাব্বুর বলেন, সকালে কেন্দ্র থেকে পোলিও টিকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিল লামিম। এ সময় একটি দ্রুতগতির বালি বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে গাড়িটির চাকার নিচে পড়ে যায়।
পরিবারের সদস্যরা আহত লামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আর বলেন, এ সময় উত্তেজিত গ্রামবাসী ওই ট্রাক্টরটিসহ বালিবহন করার কাজে নিয়োজিত কিছু ট্রাক্টর আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
