২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, আহত ৩

পুলিশ জানায়, মাদক উদ্ধারে অভিযানে গেলে হামলার শিক্ষার হয় ডিবি পুলিশের একটি দল।

বরগুনায় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, আহত ৩

বরগুনার পাথরঘাটা থানা।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2023, 11:15 PM

Updated : 18 Mar 2023, 11:15 PM

বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এক সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বরগুনা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম মিলন।

আহতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের সদস্য প্রিন্স, পুলিশের সোর্স রিপন ও সাগর।

তাদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

ওসি শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

“এ সময় মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে ডিবি পুলিশের এক সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করে।”

দলের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান ডিবির ওসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আহতদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় মামলা হওয়ার কথা জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা-সার্কেল) মো. আবু সালেহ বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

হামলায় জড়িত সন্দেহে জাকারিয়া নামের এক চা দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।