কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
সাজার পাশাপাশি বিচারক তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের লিয়াকত আলী ওরফে নিয়ত আলী (৭০) ও তার ছেলে আশারত আলী ওরফে নওশেদ (৫০)।
সাজার পাশাপাশি বিচারক তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে তাদের আরও এক বছরের সাজা ভোগ করতে হবে বলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান।
এছাড়া এ মামলায় আরও দুইজনকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। এরা হলেন-একই গ্রামের বাসিন্দা আরজেদ আলীর ছেলে এনামুল (৫০) ও আমির হামজার ছেলে মিন্টু আলী(৩৩)।
মামলার বিবরণে বলা হয়, জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে ২০১৪ সালের ১১ জুন বিকালে সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলামের উপর প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০১৪ সালের ১৮ নভেম্বর ১৫ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
এছাড়া এ মামলায় লিটন, লালচাঁদ ও রুবেলকে বিচারক ৩ বছর করে সাজার আদেশ দিয়েছেন বলে আইনজীবী অনুপ কুমার নন্দী জানান।
