মানিকগঞ্জে নিজের খামারে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জানান, বাড়ির পাশেই নিজের পোল্ট্রির খামারে বিদ্যুতায়িত হন আলাল।
মানিকগঞ্জের দৌলতপুরে নিজের পোল্ট্রির খামারে বিদ্যুৎস্পৃষ্টে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড় হাতকোরা গ্রামে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানিয়েছেন।
নিহত আলাল হোসেন (৪৫) ওই এলাকার প্রয়াত নুরু মিয়ার ছেলে ও ধামশ্বরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছিলেন পোল্ট্রি খামারি।
স্থানীয়দের বরাতে ধামশ্বরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, বাড়ির পাশেই নিজের পোল্ট্রির খামারে বিদ্যুতায়িত হন আলাল। পরে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সুমন কুমার আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
