২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি জাফরকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি

মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার কোনো সাড়া মেলেনি। তবে ফেইসবুকে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

এমপি জাফরকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি

জাফর আলম

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 10:56 PM

Updated : 21 Dec 2023, 06:34 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সংসদ সদস্য জাফর আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া বলে জানান জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।

একইসঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে আগামী ৭ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের কাছে কারণ দর্শাতে বলা হয়েছে।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এ সংসদ সদস্য এবার দলীয় মনোয়ন না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। তার একমাত্র ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন।

এদিকে, গত মঙ্গলবার পেকুয়ায় নির্বাচনি কার্যালয় উদ্বোধনে গিয়ে জাফর আলম যে বক্তব্য দেন, সেটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর জেরে তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত  অব্যাহতিপত্রে আরও বলা হয়, আগামী সাত দিনের মধ্যে নোটিসের জবাব না পাওয়া গেলে কেন্দ্রীয় কমিটির কাছে তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হবে।

এ ব্যাপারে জাফর আলমের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলে কোনো সাড়া মেলেনি।

তবে বক্তব্য নিয়ে দলের স্থানীয় নেতা-কর্মীদের সমালোচনার পরিপ্রেক্ষিতে জাফর আলম বুধবার বেলা ১১টায় নিজের ফেইসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি লিখেন, “গতকাল (মঙ্গলবার) পেকুয়ায় নির্বাচনি অফিস উদ্বোধনকালে প্রদত্ত একটি বক্তব্যের খণ্ডিত অংশবিশেষ প্রচার করে আমার বক্তব্যকে একটি মহল বিকৃতভাবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে। 

পুরো বক্তব্য শুনলে বুঝা যাবে, আমি সেই বক্তব্যে আবেগতাড়িত হয়ে মমতাময়ী নেত্রীর প্রতি আমার আনুগত্যের কথা তুলি ধরেছি। একই সাথে জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেও মনোনয়ন না পাওয়ার বেদনা উপস্থিত সহযোদ্ধাদের সাথে শেয়ার করি।” 

তিনি আরও লিখেন, “তাছাড়া যেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছেন, সেখানে কিছু অতিউৎসাহী ব্যক্তি কর্তৃক আমার সহযোদ্ধাদের ওপর অব্যাহত চাপের কথা উল্লেখ করি।

কিন্তু একটি চিহ্নিত মহল আমার আবেগ তাড়িত বক্তব্যকে অপব্যাখ্যা করে সংবাদ উপস্থাপন করছে। যা দেখে আমি খুবই মর্মাহত হয়েছি।

আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক। তার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা প্রশ্নাতীত। জোট সরকার আমলে দীর্ঘ ২৭ মাসের জেল-জুলুমও আমাকে তার আদর্শ থেকে একবিন্দু টলাতে পারেনি। নেত্রীর নিবেদিতপ্রাণ কর্মী হিসেবেই আমি এই আবেগ অনুভূতি ব্যক্ত করেছি।”

তিনি বলেন, “একজন ভগ্ন হৃদয়ের রাজনৈতিক কর্মীর আবেগ তাড়িত বক্তব্যকে অপব্যাখ্যা করা খুবই হীন মানসিকতার পরিচায়ক। আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্রের অংশ হিসেবে উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই অপব্যাখ্যা করা হচ্ছে বলে মনে করি। এমন অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই।”