চাঁপাইনবাবগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ
৩ ফেব্রুয়ারি এক শিশু নিখোঁজ হয়।উদ্ধার লাশটি ওই শিশুর কি-না, তদন্ত করছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভোলাহাট থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মঙ্গলবার রাতে উপজেলার খড়গপুর গ্রামের নুরু নামের এক ব্যক্তির বাড়ির পেছনে স্থানীয় লোকজন শিশুটির বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখেন।
পরে তারা থানায় খবর দিলে সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
এ পুলিশ কর্মকর্তা বলেন, খড়গপুর গ্রামের আহসান নামের এক ব্যক্তির সাত বছর বয়সী মেয়ে আতিকা ৩ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। ওইদিনই তার বাড়ির লোকজন থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করে।
যে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে তার বয়সও আনুমানিক সাত বছর। মেয়েটি নিখোঁজ আতিকাই কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।
লাশটি গলে যাওয়ার কারণে প্রাথমিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
