২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জানান, দুপুর আড়াইটার দিকে শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ৬/৭ জন শিশু-কিশোর গোসলে নামে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 07:51 PM

Updated : 21 Jun 2023, 07:51 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন। 

নিহত ৮ বছর বয়সী রায়হান বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসে কর্মরত জাকির হোসেনের ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

অপরদিকে নিহত ১০ বছর বয়সি মারুফ হোসেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার রিকশাচালক বিল্লাহ হোসেনের ছেলে।

চাচা কামাল হোসেন জানান, রায়হান সকালে ইসলামনগরে প্রাইভেট পড়তে যায়। পরে মারুফসহ অন্য ছেলেদের সঙ্গে ফুটবল খেলে ওই পুকুরে গোসলে নেমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরে শিশু দুটিসহ কয়েকজন গোসল করছিল৷ হঠাৎ রায়হান আর মারুফকে দেখতে না পেয়ে এদের সঙ্গের কয়েকজন ওঠে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানায়। পরে শিক্ষার্থীদের কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করে।

ওই কেন্দ্রের উপ পরিচালক ডা. রেজওয়ানুর রহমান বলেন, “এখানে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়।”