২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় জমির বিরোধ: বাবার ২৫ বছর পর মেয়েকেও হত্যা

১৯৯৯ সালে মারজানের বাবা মোহাম্মদ আলমগীরকে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছিল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2023, 01:29 AM

Updated : 05 May 2023, 01:29 AM

কক্সবাজারের উখিয়ায় ‘জমির বিরোধের জেরে’ এক ব্যক্তি নিহত হওয়ার ২৫ বছর পর তার মেয়েও খুন হলেন একদল লোকের হামলায়।   

বৃহস্পতিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালীতে এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। 

নিহত লুলু আল মারজান (৪০) উখিয়ার পশ্চিম পালংখালীর মৃত মমতাজ মিয়ার স্ত্রী। 

মারজান পালংখালী ইউনিয়নের গয়ালমারায় বেসরকারি একটি সংস্থা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে কর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

স্বজনদের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন ধরে লুলু আল মারজানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. জাহাঙ্গীরের পরিবারের জমির দখল নিয়ে বিরোধ চলছিল। 

“বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে মারজানকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।” 

পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি। 

নিহতের ভাই মো. শফিউল্লাহ তুহিন বলেন, বৃহস্পতিবার রাতে লুলু আল মারজানের সন্তান ঘরের একটি কক্ষে পড়ালেখা করছিল। ওই সময় তার বোন রান্না ঘরে রাতের খাবার তৈরি করছিলেন। 

“এক পর্যায়ে তাদের প্রতিপক্ষের লোকজন মারজানকে কুপিয়ে পালিয়ে যায়।” 

১৯৯৯ সালে তাদের বাবা মোহাম্মদ আলমগীরকে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছিল বলেও জানান তুহিন। 

শফিউল্লাহ তুহিন আরও বলেন, জমি দখল-বেদখ নিয়ে তার পরিবারের সঙ্গে এক প্রতিবেশী পরিবারের মধ্যে কয়েক যুগ ধরে বিরোধ চলছে। এর জেরে তার বাবাকে প্রতিপক্ষের লোকজন খুন করেছিল। বৃহস্পতিবার রাতে ওই ঘটনার ২৫ বছর পর একই বিরোধের জেরে তার বোনকে কুপিয়ে খুন করেছে তারা। 

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।