২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গড়াই নদীতে নৌকা ডুবে নিখোঁজ শিশুর মরদেহ রাজবাড়ীতে

কুষ্টিয়ার গড়াই নদীতে তিন দিন আগে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হয় ১০ বছর বয়সী ফাতেমা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 09:54 PM

Updated : 05 Sep 2022, 09:54 PM

কুষ্টিয়ায় গড়াই নদীতে নৌকাবাইচের সময় নৌকা ডুবে নিখোঁজ শিশুর মরদেহ তিন দিন পর পাওয়া গেছে রাজবাড়ীতে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সোমবার সকালে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরীয়া গড়াই নদীর ঘাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফাতেমা খাতুন (১০) কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের রমজান আলীর মেয়ে।

ওসি মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শুক্রবার কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হয় ফাতেমা। ওই সময় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

“সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জানা যায় নাদুরীয়া ঘাট এলাকায় একটি মরদেহ পাওয়া গেছে।”

তিনি বলেন, শুক্রবার কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকাডুবির ঘটনায় শিশু নিখোঁজের খবর বিভিন্ন গণমাধ্যমে জেনেছেন। ওই খবরের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশকে জানানো হয়।

“সেখান থেকে পুলিশের একটি টিম এসে নিশ্চিত করে সেদিনের নিখোঁজ শিশুই ফাতেমা। পরে কুমারখালী থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।”

আরও পড়ুন:

কুষ্টিয়ায় খেয়ানৌকা ডুবে শিশু নিখোঁজ