কক্সবাজারে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
স্বজনদের বরাতে ইউপি চেয়ারম্যান বলেন, বিকালে শিশু দুটির দাদি বাড়ির পুকুরে কাপড় ধোয়ার জন্য যান।
কক্সবাজারের পেকুয়া উপজেলার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পেকুয়া উপজেলার পূর্ব জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউল আলম জিহাদী জানান।
মৃতরা হল ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুর রহিমের ছেলে বাদশা মিয়া (৩), তার ভাতিজি ও আব্দুর রশিদের মেয়ে তাসফিয়া আক্তার (৪)।
স্বজনদের বরাতে ইউপি চেয়ারম্যান বলেন, বিকালে শিশু দুটির দাদি বাড়ির পুকুরে কাপড় ধোয়ার জন্য যান। এ সময় বাদশা ও তাসফিয়া তার (দাদির) পেছন পেছন পুকুরে ছুটে যান।
“দাদি ফিরলেও শিশু দুটি সেখানে থেকে যায়। পরে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখেন।”
চেয়ারম্যান বদিউল আলম আরও জানান, পরে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
