২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বৃষ্টি নেই, আমনের ক্ষেত ফেটে চৌচির

প্রতিবার জমি ভিজিয়ে দিতে শতক প্রতি ১৫ থেকে ২০ টাকা করে নিচ্ছে শ্যালো মেশিনের মালিকরা।

সিরাজগঞ্জে বৃষ্টি নেই, আমনের ক্ষেত ফেটে চৌচির

রোপা আমন ক্ষেতের পরিচর্যা করছেন এক কৃষক

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 01:33 PM

Updated : 30 Aug 2022, 01:33 PM

সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধিতে এমনিতেই দিশেহারা কৃষক। তার ওপর যোগ হয়েছে অনাবৃষ্টি, খরা ও বিদ্যুতের লোডশেডিং। পানির অভাবে জমি ফেটে চৌচির। এ অবস্থায় সিরাজগঞ্জে রোপা আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের কয়রা ও এলোঙ্গী গ্রামের কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে এমন আশঙ্কা প্রকাশ করেন তারা।

কৃষক আমজাদ হোসেন বলেন, “ছয় বিঘা জমিতে রোপা আমন চাষ করেছি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জমিতে ঠিকমতো পানি দেওয়া যাচ্ছে না। আবার ডিজেলের দাম বৃদ্ধিতে শ্যালো মেশিনের মালিকরা টাকা বেশি নিচ্ছে। যে কারণে আবাদি জমিতে ঠিকমতো পানি দেওয়া হচ্ছে না। বৃষ্টিও হচ্ছে না, তাই জমির মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ধান উৎপাদন কমে যাবে।

একই কথা জানালেন এই এলাকার প্রান্তিক কৃষক বাবলু মিয়া, আফসার সেখ, আব্দুল মজিদ, শুকুর আলী ও হাফিজুর রহমানও।

তারা জানান, সার, বীজ ও শ্রমিকের মুজরি বেশি। আবাদে এমনিতেই খরচ বেশি হচ্ছে। অনেক অপেক্ষার পর যখন বিদ্যুৎ আসে, সবটুকু ক্ষেত ভিজার আগেই আবার চলে যায়। ঘন ঘন লোডশেডিং ও ডিজেলের দাম বাড়ায় সেচের (শ্যালো) মালিকরাও বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রতিবার জমি ভিজিয়ে দিতে শতক প্রতি ১৫ থেকে ২০ টাকা করে নিচ্ছে।

বাবলু মিয়া বলেন, “সব কিছুতেই খরচ বেশি হওয়ায় আমরা অনেকটা বেকায়দায় পড়েছি। কোনো উপায় না পেয়ে বৃষ্টির অপেক্ষায় আছি। নইলে অতি খরায় ধানের চারা ক্ষেতেই পুড়ে যাবে।”

ব্রম্মগাছা ইউনিয়নের কয়রা ও এলোঙ্গী মৌজার শ্যালোর মালিক মজনু মিয়া বলেন, “বিদ্যুৎ ঘন ঘন আসা-যাওয়া করে। ডিজেলের দাম বেশি। তাই খরচ পোষাতে আমরাও কৃষকের কাছ থেকে সেচের খরচ বেশি নিচ্ছি।”

Image

পানির অভাবে ফেটে চৌচির হওয়া ধান ক্ষেত

তবে লোডশেডিং আগের তুলনায় কিছুটা কমেছে বলে দাবি করেন রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, “বর্তমানে চাহিদার কিছুটা কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। যে কারণে পাঁচ-ছয় দিন যাবত লোডশেডিং অনেকাংশে কমে গেছে। এ অবস্থায় সেচ পাম্প মালিকদের গাফিলতি ও বেশি লাভের কারসাজিতে কৃষকরা ভোগান্তিতে পড়ছেন।”

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোপা আমন চাষ অনেকটা বৃষ্টি নির্ভর। জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছর জেলায় বন্যা কম হয়েছে, বৃষ্টিও কম হচ্ছে। যে কারণে অনেক জায়গায় আবাদি জমি ফেটে যাচ্ছে। এ অবস্থায় বিদ্যুতের লোডশেডিং ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন।”

চলতি বছর উপজেলায় ১৯ হাজার ১৬৫ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, “বৃষ্টি ও পানির ঘাটতি থাকলে এবারের ফলন কমে যেতে পারে।”

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়গঞ্জ উপজেলাসহ যেসব স্থানে রোপা আমনের জমি ফেটে গেছে, সেসব স্থানে দ্রুত সেচের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সম্পূরক ব্যবস্থায় ওই সব জমিতে সেচ দেওয়া হবে।”

চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলায় ৭২ হাজার ৬৩০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।