বগুড়ায় ‘১৭ হাজার বস্তা’ সার জব্দ
দুই বছর ধরে খালি থাকা গুদামটিতে মাসখানেক হল সার মজুদ করা হয় বলে নিরাপত্তাকর্মীর ভাষ্য।
বগুড়ায় অভিযান চালিয়ে ‘১৭ হাজার বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন; একই সঙ্গে গুদামের সামনে দাঁড়িয়ে থাকা সারবোঝাই দুটি ট্রাক আটক করেছে তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল জানান, এরুলিয়া বাজার এলাকায় রোববার রাত ১১টার দিকে তারা এই অভিযান চালান। নাজমুল পারভেজ কনক নামে এক দোকানি এই সার মজুদ করেন।
সদর উপজেলায় ২২ জনের নামে সারের ডিলারশিপ রয়েছে জানিয়ে ইউএনও বলেন, “২২ জনের মধ্যে কনকের নাম নেই। ডিলার না হলে সার গুদামজাত করার নিয়ম নেই।
“গুদামে ১২ থেকে ১৫ হাজার বস্তা ভাল সার এবং পাঁচ থেকে সাত হাজার বস্তা নষ্ট সারও পাওয়া গেছে। সবই ইউরিয়া এবং ডিএপি সার।”
ইউএনও বলেন, “সারের মালিক কনককে খুঁজে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন। নিয়ম অনুযায়ী তার নামে মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।”
গুদামের নিরাপত্তাকর্মী মজিবর রহমান জানান, দুই বছর ধরে গুদামটি খালি ছিল। মাসখানেক হল সেখানে সার মজুদ করা হচ্ছিল।
