২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: মামলার আসামিসহ ৪১ রোহিঙ্গা গ্রেপ্তার

অভিযানে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামি ১০ জন; মাদকসহ গ্রেপ্তার করা হয় ৩ জনকে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 02:04 PM

Updated : 29 Oct 2022, 02:22 PM

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৪১ রোহিঙ্গাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে এপিবিএন।

বৃহস্পতিবার গভীররাত থেকে শুক্রবার গভীররাত পর্যন্ত ৮ এপিবিএন এর আওতাধীন উখিয়ার ১৩, ১৭, ১৮, ১৯, ২০ এবং ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

শনিবার সকালে এ তথ্য জানিয়ে ৮-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। এ সব ঘটনায় জড়িতদের পাশাপাশি ক্যাম্পে সক্রিয় রোহিঙ্গা দুষ্কৃতিদের গ্রেপ্তারে এপিবিএন এবং জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়েছে।

অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামি ১০ জন। মাদকসহ গ্রেপ্তার করা হয় ৩ জনকে।

আর বিভিন্ন অপরাধের দায়ে ২৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে বলে জানান এপিবিএন এ কর্মকর্তা।

অভিযানে এপিবিএন এর সঙ্গে উখিয়া থানা পুলিশের সদস্যরাও অংশ নেয় বলে জানান তিনি।

চলতি অক্টোবর মাসে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে দুটি জোড়া হত্যাসহ পাঁচটি হত্যাকাণ্ড ঘটে। এ সব ঘটনায় এক শিশুসহ মোট আটজন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজন রোহিঙ্গা কমিউনিটি নেতাও রয়েছেন।