নিজের ক্লাসের শিক্ষার্থীদের কোচিংয়ে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী
চাঁদপুরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
কোনো শিক্ষক নিজের ক্লাসের শিক্ষার্থীদেরকে কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আইনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিং করার কথা বলা হয়েছে। একই সঙ্গে যেটা অনৈতিক যে, শিক্ষক নিজের ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীদের বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করেন।
“এবং সেখানে না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেন কিংবা কম নম্বর দেন। এই অংশটুকু একেবারেই অনৈতিক। এ কারণেই কোচিং সেন্টারে পড়ানো নিষিদ্ধ করা হয়েছে।”
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টের উদ্ধোধনী খেলায় অংশগ্রহণ করে চাঁদপুরের শাহারাস্তি ক্রিকেট একাডেমি ও চট্টগ্রামের সন্দ্বীপ ক্রিকেট একাডেমি।
নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ২৪টি দল।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো- কুমিল্লা ভিক্টোরিয়ানস ক্রিকেট একাডেমি, এরিস্টান ইউসি স্পোর্টস ক্রিকেট ক্লাব, বাকালিয়া সূর্য তরুণ ক্লাব, চট্টগ্রাম লায়ন্স, সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম, ঢাকার ১০/১২ ক্রিকেটার্স, চট্টগ্রামের ব্রাদার্স ক্রিকেট একাডেমি, গাজীপুর ক্রিকেট একাডেমি, চাঁদপুরের নিউ ক্রিকেট একাডেমি, ঢাকা পাওয়ার ক্রিকেট একাডেমি, ঢাকা টাইটানস, চাঁদপুরের থ্রি কুইন ওয়ারিয়র্স, চাঁদপুরের স্লোগ সিকসারস টিম, চাঁদপুরের শেখ কামাল স্পোর্টস একাডেমি, শাহারাস্তি ক্রিকেট একাডেমি, চাঁদপুরের মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব, চাঁদপুরের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, উদয়ন ক্লাব চাঁদপুর, ক্রিকেট স্কুল কুমিল্লা, ইলেভেন স্টার ঢাকা, ঢাকার আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন, রায়পুর ক্রিকেট একাডেমি ও ঢাকার ইনটেন্স ক্রিকেট একাডেমি।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
