‘কিডনি রোগে মৃত’ জানিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি
হত্যা মামলা চলার মধ্যে ২০১৭ সালে পরিবার আদালতকে জানায়, ওসমান কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জামালপুরের ইসলামপুর উপজেলায় স্ত্রী হত্যার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে; যিনি আদালতের কাছে ‘মৃত’ বলে গণ্য ছিলেন।
বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনার দুর্গম চর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
গ্রেপ্তার মো. ওসমান আলী (৩৫) ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর গ্রামের বাসিন্দা।
বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে মামলার বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ওসমান ২০১২ সালের ১৯ অগাস্ট সন্ধ্যায় তার স্ত্রী লাকী বেগমের কাছে এক হাজার টাকা চান। টাকা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেন তিনি।
দুদিন পর ২১ অগাস্ট লাকী বেগমের বাবা মো. আব্দুর রহিম বক্স বাদী হয়ে ইসলামপুর থানায় ওসমানকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ ওসমানকে গ্রেপ্তার করে। পরে ওসমান আদালত থেকে জামিন পান এবং আদালতের হাজিরা থেকে বিরত থাকেন। একপর্যায়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
“মামলা চলাকালে ২০১৭ সালের ১০ এপ্রিল আসামি পক্ষ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতকে অবহিত করা হয়, আসামি ওসমান কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। একইসঙ্গে তার মৃত্যুর খবরটি এলাকাতেও ছড়িয়ে দেয় পরিবার।
পুলিশ সুপার বলেন, “হত্যা মামলা থেকে বাঁচতে ছয় বছর ধরে নিজের পরিচয় গোপন করে ওসমান দুর্গম চরে বাসবাস করছিলেন। কিন্তু বিষয়টি নিয়ে ইসলামপুর থানা পুলিশের সন্দেহ ছিল। ফলে তারা গ্রেপ্তারি পরোয়ানা আদালতে জমা করেননি।
“বিকালেই আসামিকে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়। সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে”, যোগ করেন পুলিশ সুপার।
