২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ৭৫ শতাংশ জমি বাংলাদেশের মালিকানার সিদ্ধান্ত

“তবে ভারতীয় কর্তৃপক্ষ অফিসিয়ালি এ ব্যাপারে চিঠি না দেওয়া পর্যন্ত কোনো পক্ষই জমিটি ভোগদখল করতে পারবে না।“

ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ৭৫ শতাংশ জমি বাংলাদেশের মালিকানার সিদ্ধান্ত

বুধবার আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর ফুটবল মাঠে বিএসএফ এবং বিজিবির মধ্যে বৈঠক হয়।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 08:02 PM

Updated : 12 Apr 2023, 08:02 PM

নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন সীমান্তে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তির পর ৭৫ শতাংশ জমির মালিকানা বাংলাদেশকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

বুধবার দুপুরে আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর ফুটবল মাঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে দুই দেশের ভূমি কর্মকর্তারা বিরোধপূর্ণ ওই জমির পরিমাপ করেন বলে জানান ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন।

তিনি জানান, আগ্রাদিগুন সীমান্তে ২৫৭/২০ আর পিলারের কাছে জমি নিয়ে বিজিবির সঙ্গে বিএসএফের দীর্ঘদিনের বিরোধ ছিল। জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে হওয়ায় সেখানে কৃষকরা চাষাবাদ করে আসছিলেন।

বিরোধ নিষ্পত্তি করতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করে বিজিবি। পতাকা বৈঠকের আহ্বানে সাড়া দেয় বিএসএফ।

এ সময় বিজিবির পক্ষে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন। অপরদিকে ১২ সদস্য বিশিষ্ট বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের আরাদপুর ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় কুমার মিশ্রা।

বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন বলেন, “আর্ন্তজাতিক মানচিত্র অনুসারে, উভয় দেশের সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করা হয়। মাপে দেখা যায়, বিরোধপূর্ণ সম্পত্তি বাংলাদেশের। শেষে ৭৫ শতাংশ জমি পেয়েছে বাংলাদেশ।“

“তবে ভারতীয় কর্তৃপক্ষ অফিসিয়ালি এ ব্যাপারে চিঠি না দেওয়া পর্যন্ত কোনো পক্ষই জমিটি ভোগদখল করতে পারবে না। এমন সিদ্ধান্ত নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি শেষ হয়।”