২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ওসি বলেন, আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লায় কভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

দাউদকান্দি উপজেলার মহানন্দ এলাকায় গৌরিপুর-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2024, 11:49 AM

Updated : 11 Feb 2024, 01:16 PM

কুমিল্লার দাউদকান্দিতে কভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের প্রাণ গেছে; গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার মহানন্দ এলাকায় গৌরিপুর-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, অটোরিকশায় চালকসহ মোট সাতজন ছিলেন। দুর্ঘটনায় তাদের মধ্যে পাঁচজনই নিহত হয়েছেন।

তারা হলেন, দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের মৃত চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পীযূষ মণ্ডল (২৮), আনোয়ার খোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (২৪), দক্ষিণ নগর এলাকার মোহাম্মদ রুহুল আমিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং সিএনজিচালিত অটোরিকশাটির চালক ধরজ খোলা এলাকার মোহাম্মদ অহিদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৮)।

Image

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের স্বজনের আহাজারি।

ওসি আরও বলেন, অটোরিকশাটি গৌরিপুরের দিকে যাচ্ছিল আর কভার্ড ভ্যানটি কচুয়ার দিকে। বেপরোয়া গতিতে আসা কভার্ড ভ্যানটি চাঁদপুর কচুয়া সড়কের মহানন্দ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

“এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।”

দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, তারা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর সেখানে একজনের মৃত্যু হয়।

ওসি মোজাম্মেল বলেন, নিহতদের মরদেহ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা কবলিত অটোরিকশা এবং কভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।