বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত
পুলিশ জানায় খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা বাইককে ধাক্কায় দেয়।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের রাজপাট এলাকায় এ ঘটনা ঘটে বলে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ আবুল হাসান জানান ।
নিহতরা হলেন খুলনা মহানগরের ১১১ বিকে রোড এলাকার শহীদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল শাহরিয়ার (২৭) এবং একই এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে জুবায়ের হাসনাত (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক আবুল হাসান বলেন, বৃহস্পতিবার বিকালে খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ওই বাইকটিকে ধাক্কায় দেয়। এতে বাইকে থাকা দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন।
“ওই দুই যুবক বাইকে করে গোপালগঞ্জ থেকে খুলনার দিকে যাচ্ছিলেন।”
নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
