সারাদেশে রেললাইন ব্রডগেজে রূপান্তরের কাজ চলছে: মন্ত্রী
“বঙ্গবন্ধু সেতুর পাশে রেলসেতুর নির্মাণ কাজ আগামী বছর জুনে শেষ হবে।
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সারাদেশের রেল ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার বিকেল ৫টার দিকে নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বববৃহৎ রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের দেশে মিটারগেজ (ছোট লাইন) ও ব্রডগেজ (বড় লাইন) দুই ধরনের রেলযোগাযোগ ব্যবস্থা চালু আছে। এ ব্যবস্থা ভেঙে বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শুধু ব্রডগেজ যোগাযোগ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছি আমরা। এতে করে রেলসেবা আরও গতিশীল হবে। এরই মধ্যে ব্রডগ্রেজ রেলপথ নির্মাণ কাজ শুরু হয়েছে।”
সৈয়দপুর রেলওয়ে কারখানায় শূন্য পদে জনবল নিয়োগের কাজ চলমান রয়েছে উল্লেখ্য করে নূরুল ইসলাম বলেন, “দুই হাজার ৮৫৯ জনবলের বিপরীতে ৬৭১ জন দিয়ে চলছে সৈয়দপুর কারখানা। এতদিন আইনি জটিলতায় জনবল নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। কারখানায় শূন্য পদের জন্য বিশেষ করে খালাশি পদে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
এ সময় তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু সেতুর পাশে রেলসেতু নির্মাণ কাজ চলছে। আশা করা হচ্ছে, আগামী বছর জুনে এ কাজ শেষ হবে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলেই চিলাহাটি থেকে ঢাকাগামী দিনের বেলা আরেকটি নীলসাগর ট্রেন চালু করা হবে।”
সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌঁছালে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান রেলমন্ত্রীকে স্বাগত জানান। তিনি কারখানা অঙ্গনে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদের স্মরণে নির্মিত স্মৃতিস্মারক ‘অদম্য স্বাধীনতায়’ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে কারখানার কয়েকটি শপ ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। কারখানায় রক্ষিত ব্রিটিশ রানীর ব্যবহৃত সেলুন কোচটি পরিদর্শন করেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে সহধর্মিনী শাম্মি আক্তার, রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এডিজি-আরএস) মঞ্জুরুল আলম চৌধুরী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা, প্রধান ইলেট্রিক প্রকৌশলী শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
