২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে গ্রেনেড: মামলায় আসামি আরসা প্রধান

নবী হোসেন বাহিনীর প্রধান এবং গুলিবিদ্ধ মোহাম্মদ নবীকেও আসামি করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে গ্রেনেড: মামলায় আসামি আরসা প্রধান

কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্প থেকে উদ্ধার গ্রেনেড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 11:26 PM

Updated : 10 Jan 2023, 11:26 PM

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার হওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে।

এ ঘটনায় শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন একটি মামলা করেছে।

মামলায় ‘আরাকান স্যালভেশন আর্মি-আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনি (৪৮), রোহিঙ্গা ক্যাম্পের নবী হোসেন বাহিনীর প্রধান মো. নবী হোসেন (৪৫) এবং নবী হোসেন বাহিনীর সদস্য গুলিবিদ্ধ মোহাম্মদ নবীকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, “গ্রেনেডটি সোমবার দুপুরে রামু সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।

“গ্রেনেডটি কোন দেশের তৈরি তা লেখা না থাকলেও এটি অত্যাধুনিক এবং বিদেশি বলে নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা জানিয়েছেন।”

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উখিয়ার ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৯ ব্লকে ১০-১২ জনের একদল দুষ্কৃতকারী এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি চলে।

এতে গুলিবিদ্ধ হন মোহাম্মদ নবী। পরে তার বসতঘর থেকে উদ্ধার করা হয় গ্রেনেডটি। নবী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মোহাম্মদ নবীকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানিয়ে ওসি বলেন, রোববার রাতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এ মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে আরসা প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে আরও দুটিটি মামলায় আসামি হিসেবে দেখানো হয়।

রোহিঙ্গা নেতারা জানিয়েছেন, মাদক চোরাচালানকে কেন্দ্র করে আরসার সঙ্গে নবী হোসেন বাহিনীর মধ্যে গোলাগুলি ও খুনোখুনির ঘটনা ঘটছে।

সর্বশেষ শনিবার রাতে সাড়ে ৮ ঘণ্টার ব্যবধানে দুই রোহিঙ্গা খুন হয়েছেন। একজনের নাম রশিদ আহমদ (৩৬)। তিনি উখিয়ার জামতলী ক্যাম্প-১৫ এ-৪ ব্লকের ৩৩২ নম্বর শেডের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। রশিদ ক্যাম্পের ১-৪ ব্লকের হেড মাঝি ছিলেন।

অপরজন মোহাম্মদ সেলিম (৩৫)। তিনি উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট নম্বর ক্যাম্পের বি-ব্লকের আব্দুস সোবহানের ছেলে। তিনি ওই ক্যাম্পটির বি-ব্লকের সাব-মাঝি ছিলেন। এ দুটি খুনের ঘটনাও মামলায় হয়েছে বলে জানায় পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের দেয়া তথ্য মতে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১৩২টি হত্যাকাণ্ড ঘটেছে।

এর মধ্যে গত সাত মাসে ৩২টি খুনের ঘটনা ঘটেছে। আর এসব খুনের শিকার হওয়া রোহিঙ্গাদের বেশিভাগ ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির নেতা (মাঝি) ও পাহারারত স্বেচ্ছাসেবক।

আরও পড়ুন:

পুরনো খবর:

উখিয়ায় ক্যাম্পে ‘রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি, গ্রেনেড উদ্ধার