কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের পথে বাস বন্ধ, দুর্ভোগে মানুষ
পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী বাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে এ পথে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে গেলে ময়মনসিংহগামী বাস বন্ধ রয়েছে বলে যাত্রীদের জানানো হয়।
বাসের পাশাপাশি এ পথে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাও বন্ধ থাকায় গন্তব্যে যেতে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
বাস টার্মিনালে কথা হয় কলেজ শিক্ষিকা জাহানারা আক্তারের সঙ্গে। তিনি বলেন, “আমার মেয়ে ময়মনসিংহে লেখাপড়া করে। সাপ্তাহিক ছুটিতে বাড়ি এসেছিলো; আজ ফিরে যাওয়া কথা। এখন বাস টার্মিনালে এসে দেখি কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ। আগে জানলে বিকল্প ব্যবস্থায় পাঠাতে পারতাম।”
করিমগঞ্জ উপজেলা থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে বাস টার্মিনালে এসেছিলেন বোরহান উদ্দিন। বাস না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে।
বোরহান বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আমার আত্মীয়কে দেখার জন্য রওয়ানা দিয়েছিলাম। এখানে এসে দেখি বাস বন্ধ।”
জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার অভিযোগ, “কিশোরগঞ্জ থেকে বিএনপি কর্মীদের মহাসমাবেশে যাওয়া বাধাগ্রস্ত করতেই বাসসহ সব গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির শেখ ফরিদ আহমেদ বলেন, “আমাদের সমিতি বাস বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। বাস মালিকরাই নিরাপত্তাজনিত কারণে নিজ নিজ বাস চলাচল বন্ধ রেখেছেন।”
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাস মালিক জানান, সমিতির নিজস্ব কোনো সিদ্ধান্তে নয়, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ পরিবহন মালিক সমিতির পরামর্শে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
