১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জের তিনটি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2023, 05:11 PM

Updated : 03 Dec 2023, 05:11 PM

বাছাইয়ের প্রথম দিনে সিরাজগঞ্জের ছয়টির মধ্যে তিনটি সংসদীয় আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী এবং তিনজন বিভিন্ন দল থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী আছেন। 

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-১, সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বাছাই শেষে সিরাজগঞ্জ-১ আসনে (কাজিপুর ও সদরের একাংশ) দুজন, সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) আসনে একজন ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ আসনে জাকের পার্টির রেজাউল করিম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা তালুকদার। 

সিরাজগঞ্জ-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল রানা।

সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগ নেতা শরিফুল আলম খন্দকার, সাখাওয়াত হোসেন সুইট, আব্দুল হালিম খান দুলাল ও স্বপন কুমার রায়। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া নুরুল ইসলাম ও মোজাফফর হোসেন এবং মুক্তিজোটের প্রার্থী নুরুল ইসলাম প্রামানিকের মনোনয়নপত্রও বাতিল হয়েছে। 

এদিকে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা।

স্বতন্ত্র প্রার্থী, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট বলেন, “এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল দেখিয়ে বেছে বেছে শুধু স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নই বাতিল করা হয়েছে। ভুল হলে দুএকজনের হবে। কিন্তু সবারই তো একই ধরনের ভুল হবে না। এটা অবৈধ, আমি আপিল করব।” 

সলঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য স্বপন কুমার রায় বলেন, “আমি ৪ হাজার ২০০ জন ভোটারের স্বাক্ষর জমা দিয়েছি। কিন্তু ৫২৮ জন ভোটারের স্বাক্ষর কম রয়েছে জানিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। যা সত্য নয়, আমি আপিল করব।”  

আরেক স্বতন্ত্র প্রার্থী, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল বলেন, “নিয়মাবলির কোথাও ১ পার্সেন্ট স্বাক্ষরে ভোটার নম্বর দেওয়ার কথা বলা হয়নি। অথচ সেই অজুহাতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।”  

এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, নিয়ম মেনেই প্রার্থীদের কাগজপত্র বাছাই করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

এদিকে, আগামী সোমবার বাকি তিনটি অর্থাৎ সিরাজগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।