২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে উঠানে মাছচাষে দ্বিগুণ লাভের আশা মাদ্রাসা শিক্ষকের

প্রথমে শখের বসে বাড়ির ভেতরের আঙ্গিনায় মাছচাষ শুরু করেন তিনি। এতে লাভবান হওয়ায় বাইরের আঙ্গিনাও মাছচাষ শুরু করেন।

আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 04:26 PM

Updated : 17 Dec 2022, 05:41 PM

কুড়িগ্রামের রাজারহাটে ব্যক্তিগত উদ্যোগে বাড়ির ভেতরে ও বাইরের উঠানে বায়োফ্লক প্রযুক্তিতে মাছচাষ করে সাড়া ফেলেছেন এক মাদ্রাসা শিক্ষক।

কিছুদিন পরেই দুটি জলাধারের মাছ বিক্রি করে কয়েক লাখ টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন তিনি। তার এই ব্যতিক্রমধর্মী কাজ দেখতে প্রতিদিন ভিড় বাড়ছে তার বাড়িতে।

রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের খালিসা কৈলাশকুটি গ্রামের মৃত মনছুর আলীর ছেলে আব্দুল মোমিন (৪২)। তিনি পাশ্ববর্তী সরিষাবাড়ী হাট দাখিল মাদ্রাসায় সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন পুকুর বা বিল লিজ নিয়ে মাছচাষ করতেন। কিন্তু গত মৌসুমে পুকুরে ৪০ হাজার হাইব্রিড কৈ-মাছ ছেড়ে লোকসানে পড়েন তিনি।

এরপর ইউটিউবে ছোট্ট পরিসরে বায়োফ্লক প্রযুক্তিতে মাছচাষের কার্যক্রম দেখে আগ্রহী হয়ে ওঠেন। নিজের পর্যাপ্ত জায়গা না থাকায় প্রথমে শখের বসে বাড়ির ভেতরের আঙ্গিনায় মাছচাষ শুরু করেন তিনি। এতে লাভবান হওয়ায় বাইরের আঙ্গিনাও মাছচাষ শুরু করেন।

উদ্যোক্তা আব্দুল মোমিন জানান, বায়োফ্লক প্রযুক্তিতে মাছচাষের জন্য বাড়ির ভিতর ও বাইরের উঠান গর্ত করে জলাধার তৈরি করেন তিনি। দুটির গভীরতা চার ফুট করে।ভিতর আঙ্গিনার জলাধারের দৈর্ঘ্য ২৩ ফুট ও প্রস্থ ১৮ ফুট। বাইরের আঙ্গিনার জলাধারের দৈর্ঘ্য ৪১ ফিট ও প্রস্থ ২৪ ফিট। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিন লাখ টাকা ।

চলতি বছরের ১৯ আগস্ট দুটি জলাধারে ৫৭ হাজার কৈ মাছ ও তিন হাজার দেশীয় টেংরা মাছের পোনা ছেড়েছেন তিনি। আগামি ১৯ ডিসেম্বর মাছ বিক্রি করা শুরু করবেন তিনি।

তিনি আরও জানান, জলাধার তৈরি, অক্সিজেন মেশিনসহ উপকরণ ক্রয়, খাবার, ঔষধ ও বিদ্যুৎ খরচসহ তার মোট ব্যয় হয়েছে দুই লাখ আট হাজার ৫০০ টাকা। আর জলাধারে বেড়ে ওঠা মাছ বর্তমান বাজারে তিনি পাঁচ থেকে ছয় লাখ টাকায় বিক্রি করতে পারবেন। এতে সাড়ে চার মাসে তার আয় হবে প্রায় তিন থেকে চার লাখ টাকা।

আব্দুল মোমিন বলেন, শখের বসে ইউটিউবে দেখে দেখে ঢাকা থেকে সমস্ত উপকরণ ডেলিভারি নিয়েছি। আমার কাছে কিছু টাকা ছিল, এছাড়াও বিভিন্ন সংস্থা থেকে তিন লাখ টাকা ঋণ করেছি। প্রাথমিক অবস্থায় খরচ বেশি হলেও লাভ দ্বিগুণেরও বেশি হয়।

মোমিনের স্ত্রী শাহজাদী বেগম বলেন, “গ্রামবাসী ও তার ভাইয়েরা এ কাজে নিরুৎসাহিত করলেও আমি স্বামীর কাজে খুশি ছিলাম। আমার ছেলেসহ আমরা তিনজন মানুষ। আমাদের যা আছে তাই দিয়েই সংসার চলে।

“স্বামী ব্যতিক্রম কিছু করলে ভালোই লাগে। স্বামী মাদ্রাসায় গেলে আমি বাকী সময়টাতে খাবার দেয়া, অক্সিজেন লাইন ঠিক আছে কিনা তা দেখভাল করি।”

রাজারহাট কারিগরি কলেজের শিক্ষক মধুসুদন রায় বলেন, “আমি খবর শুনে নিজেই দেখতে এসেছি। মানুষ পুকুরে মাছচাষ করে, বিলে মাছচাষ করে শুনেছি। কিন্তু বাড়ীর আঙ্গিনায় মাছচাষ- এই প্রথম দেখলাম।

“আমি দেখে খুবই আনন্দ পেয়েছি। বেকার যুবকরা এভাবে অল্প জায়গায় মাছচাষে এগিয়ে আসলে তারা লাভবান হবে।”

বিষয়টি নিয়ে জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায় বলেন, বায়োফ্লক পদ্ধতি একটি নতুন প্রযুক্তি। এতে ছোট্ট পরিসরে ৩০ ভাগ কম খরচে মাছচাষ করে লাভবান হওয়া যায়।

এই পদ্ধতিতে মাছচাষে কেউ আগ্রহী হলে জেলা মৎস বিভাগ তাদেরকে সব ধরনের কারিগরি সহযোগিতা দেবেন বলে জানান এই কর্মকর্তা।