কক্সবাজারে সাগরে নিখোঁজের দুই দিন পর পর্যটকের লাশ উদ্ধার
মবার বৈরী আবহাওয়ার মধ্যে কলাতলী পয়েন্টে মারুফসহ তিন বন্ধু গোসলে নামেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মৃতদেহ দুই দিন পর সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর পৌনে ১টায় কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্টের অদূরবর্তী সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম মোল্লা।
নিহত মো. মারুফ আহমদ (১৯) গাজীপুর জেলার কাপাসিয়া থানার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্টোপলিটন কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী।
লাইফ গার্ড কর্মীরা জানান, সোমবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে মারুফসহ তিন বন্ধু গোসলে নামেন। এক পর্যায়ে উত্তাল সাগরের স্রোতের টানে তারা ভেসে যেতে থাকে।
এ সময় মো. মাসুম নামের একজন কোনো রকম চেষ্টা করে কূলে উঠে আসলেও অপর দুইজন ভেসে যেতে থাকে। স্থানীয় লাইফ গার্ড কর্মীরা জেট স্কির (ওয়াটার বাইক) সহায়তায় মো. শাওন হোসেন নামের আরেকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। কিন্তু নিখোঁজ হন মারুফ আহমদ।
ঘটনার পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে নিখোঁজ মারুফের সন্ধানে উদ্ধার তৎপরতা চালায় লাইফ গার্ড কর্মী, বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম মোল্লা বলেন, বুধবার দুপুরে কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্টের অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভেসে থাকার তথ্য জানায় স্থানীয় জেলেরা। পরে লাইফ গার্ড কর্মীরা জেট স্কির সহায়তায় মারুফের ভাসমান মৃতদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের এ কর্মকর্তা।
