২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

জেট স্কি চালকের সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ

কক্সবাজারে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

সর্বডানে হাতে মোবাইল থাকা শিক্ষার্থী মারুফ আহমদ নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 05:20 PM

Updated : 15 Aug 2022, 05:20 PM

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন; উদ্ধার করা হয়েছে দুজনকে।

সোমবার দুপুর ২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে সি-সেইফ লাইফ গার্ডের কর্মী ওসমান গনি জানান।

নিখোঁজ মো. মারুফ আহমদ (১৯) গাজীপুর জেলার কাপাসিয়া থানার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি গাজীপুর মেট্টোপলিটন কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ সময় উদ্ধার করা হয় গাজীপুরের জয়দেবপুর এলাকার হারুন মিয়ার ছেলে ও গাজীপুর মেট্টোপলিটন কলেজের শিক্ষার্থী মো. শাওন হোসেন (২০) এবং গাজীপুরের ফুলবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. মাসুমকে (২০)।

মাসুম বলেন, রোববার রাতে তারা তিন বন্ধু কক্সবাজার ভ্রমণে আসেন। রাতে অ্যাম্বাসেডর হোটেলে অবস্থান করেন। সোমবার দুপুরে সৈকতে ভ্রমণে গিয়ে গোসল করতে নামেন তিন বন্ধু।

"স্রোতে ভেসে যাওয়ার সময় সৈকতে চলাচলকারী জেট স্কি চালককের কাছে সাহায্য যাওয়া হয়। কিন্তু ভাড়ার টাকা ছাড়া উদ্ধার করতে রাজী হননি সেই চালক। পরে লাইফ গার্ডকর্মীরা দুজনকে উদ্ধার করলেও মারুফের সন্ধান মিলেনি।"


সি-সেইফ লাইফ গার্ড কর্মী ওসমান গনি বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।


ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, নানাভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। একই সঙ্গে জেট স্কির চালক ভাড়ার টাকা ছাড়া উদ্ধার তৎপরতায় অংশ না নেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরকম আচরণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য রিপন চৌধুরী জানান, শাওন সুস্থ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।