স্কুলছাত্রীকে ‘ধর্ষণের ভিডিও ফেইসবুকে’, ভাই-বোন কারাগারে
বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন নবম শ্রেণির ওই ছাত্রীর বাবা।
পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলার আসামি আপন ভাই-বোনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।
শুক্রবার দুপুরে বিষয়টি জানান ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক।
এর আগে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন নবম শ্রেণির ওই ছাত্রীর বাবা।
গ্রেপ্তার হৃদয় ব্যাপারী (২০) এবং শিখা সরকার (২৩) ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের রাম ব্যাপারীর ছেলে ও মেয়ে।
মামলার অপর আসামি হৃদয়-শিখার ভগ্নিপতি সুব্রত সরকার।
ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়েকে উত্ত্যক্ত করতেন স্থানীয় হৃদয় ব্যাপারী। এক পর্যয়ে হৃদয় তার ভগ্নিপতির বাড়িতে ডেকে নিয়ে তার মেয়েকে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করেন। পরে তার মেয়ে শারীরিক সম্পর্কে আর জড়াতে না চাইলে হৃদয় ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। এক পর্যায়ে হৃদয় তার মেয়ের নামে ফেইসবুকে আইডি খুলে বড়বোন শিখার সহযোগিতায় আপত্তিকর ভিডিও পোস্ট করলে সেটি ভাইরাল হয়।
“বিষয়টি জানতে পেরে ইন্দুরকানী থানায় মামলা করি।”
ওসি এনামুল হক জানান, অপর আসামি সুব্রত সরকারকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
