জয়পুরহাটে ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
“সোহেল ও পারুল উভয়ের এটি দ্বিতীয় বিয়ে; ছয় মাস আগে তারা ভালবেসে বিয়ে করেন।“
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের বাড়ি থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দীক বলেন।
নিহতরা হলেন- গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সোহেল রানা (৪২) এবং তার স্ত্রী একই গ্রামের মৃত কায়সার মণ্ডলের মেয়ে পারুল বিবি (৩৮)।
প্রতিবেশী আয়েশা সিদ্দিকা বলেন, “আমি প্রতিদিনের মতো গাভীর দুধ দিতে তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করি। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।“
আরেক প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, “সোহেল ও পারুল উভয়ের এটি দ্বিতীয় বিয়ে। ছয় মাস আগে তারা ভালবেসে বিয়ে করেন। সোহেল অনেক পরিশ্রম করতেন। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ আমাদের নজরে আসেনি।”
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক বলেন, “তাদের আত্মহত্যার বিষয়টি খুবই আকষ্মিক। তারা কী কারণে আত্মহত্যা করেছেন তা কারও জানা নেই। তাছাড়া কারও সঙ্গে তাদের কোনো দ্বন্দ্বও ছিল না।“
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
