জলাবদ্ধতা: পাঁচদিন ধরে পানিবন্দি ময়মনসিংহের ৩০ হাজার মানুষ
“তিন বেলা রান্না করতে পারছি না, ছেলে-মেয়েদের খেলাধুলা বন্ধ রয়েছে; এভাবে কতদিন চলবে বুঝতে পারছি না।”
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বেশকিছু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে পাঁচদিন ধরে পানিবন্দি রয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।
সোমবার দুপুরে জলাবদ্ধ ভাটিকাশর ও বলাশপুর এলাকা পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এ সমস্যা সমাধানে নানা উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
পানি নিষ্কাশনে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরীর ভাটিকাশর, বলাশপুর, মালগুদাম, সেহরা মুন্সিবাড়ি, চামড়া গুদাম, চরপাড়া মোড়, চরপাড়া কপিক্ষেত, নয়াপাড়া, মাসকান্দা, দীঘারকান্দা, নতুন বাজার, সুইপার কলোনি, স্টেডিয়ামসহ বেশ কিছু এলাকায়।
বৃহস্পতিবার ঈদের দিন থেকে টানা বৃষ্টি হওয়ায় এসব এলাকায় জলাবন্ধতা তীব্র রূপ নেয়।
সেইদিন থেকে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এরই মধ্যে অনেক পরিবারে ছড়িয়েছে নানা ধরনের পানিবাহিত রোগ।
জলাবদ্ধতা এই নগরীর দীর্ঘদিনের সমস্যা। দীর্ঘদিন ধরেই পরিকল্পিত উপায়ে এই সংকট নিরসনের দাবি জানিয়ে আসছেন নাগরিক নেতা ও সাধারণ মানুষেরা।
নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকসানা আক্তার বলেন, “বিয়ের পর এই এলাকায় এসেছি ২২ বছর হয়েছে। তখন থেকেই দেখছি সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছরের বেশির ভাগ সময় আমাদের পানির সঙ্গে বসবাস করতে হয়। এই সময়ের মধ্যে অনেকেই কাউন্সিলর এবং মেয়র হয়েছেন, কিন্তু কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি।”
বলাশপুর এলাকার সাখাওয়াত হোসেন বলেন, “এই এলাকায় বাবা জীবনের সমস্ত আয় দিয়ে বাড়ি তৈরি করে অনেক করে বড় ভুল করেছেন। একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি জমে বাড়িতে ঢুকে যায়। পানি নামতে কমপক্ষে ১০-১২ দিন সময় লাগে। বর্ষার ছয়মাস পানি ভেঙে চলাচল করতে হয় এই ওয়ার্ডের ২০ হাজার মানুষকে। এরই মধ্যে অনেকের পায়ে চুলকানি হয়েছে।”
এসব সংকট সমাধান হবে, এমন আশ্বাসই শুধু শুনে আসছেন কিন্তু কিছু হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
পাঁচদিন ধরে পানিতে গৃহবন্দি অবস্থায় রয়েছেন বলে জানালেন চরপাড়া কপিক্ষেত এলাকার বাসিন্দা রহিমা বেগম।
তিনি বলেন, “তিন বেলা রান্নাও করতে পারছি না। ছেলে-মেয়েদের খেলাধুলা বন্ধ রয়েছে। এভাবে কতদিন চলবে বুঝতে পারছি না। দ্রুত এ সমস্যার সমাধান চাই।“
সিটি করপোরেশনের গাফিলতির কারণেই প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ আউটার স্টেডিয়াম এলাকার বাসিন্দা আবুল কালামের।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় জলাবদ্ধতা নিরসন হচ্ছে না।
জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম বলেন, “নগরীর সবচেয়ে বড় সমস্যা যানজট ও জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্তমানে নগরীর অনেক মানুষকে পানিবন্দি জীবনযাপন করছেন। বিজ্ঞানসম্মত উপায়ে ড্রেনেজের কাজ সম্পন্ন না করলে এ দুর্ভোগ কোনোদিনই শেষ হবে না।”
মানুষের ভোগান্তির বিষয়টি মাথায় রাখতে সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানান তিনি।
১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস আলি মণ্ডল বলেন, “জলাবদ্ধতা নিরসনে মেয়র আন্তরিক। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজও চলমান। করোনাভাইরাস মহামারীর কারণে কাজ বন্ধ থাকায় মানুষের ভোগান্তি লাঘব হচ্ছে না। তবে ড্রেনেজ নির্মাণ কাজ সম্পন্ন হলে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।”
দুপুরে ভাটিকাশর ও বলাশপুরে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে মেয়র ইকরামুল হক টিটু বলেন, “জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে তিনটি বড় ড্রেনের নির্মাণ কাজ চলছে। এ সংযোগগুলো সম্পন্ন হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।”
এ ছাড়া তাৎক্ষণিক সমাধানের জন্যও কাজ করছেন জানিয়ে মেয়র বলেন, যেসব স্থানে পানি আটকে আছে সেসব স্থান থেকে পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে। আশা করা যায়, জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে।
এ সময় জলাবদ্ধতা নিরসনে মেয়র নাগরিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “ড্রেনের জন্য জায়গা ছেড়ে বাড়ি করতে হবে। পানি বের হওয়ার রাস্তা তৈরি করতে না পারলে জলাবদ্ধতার অবসান হবে না। এজন্য নাগরিকদের এগিয়ে আসতে হবে। এ ছাড়া অনেকে পাইলিংয়ের মাটি সরাসরি ড্রেনে ফেলে ড্রেনকে অকার্যকর করে দিচ্ছেন। অনেকে আবার ময়লা আবর্জনা, বোতল, বস্তাসহ কঠিন আবর্জনা ড্রেনে ফেলছেন। এর অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, না হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব হবে না।”
