টাঙ্গাইলে কভার্ডভ্যান উল্টে বাড়িতে, ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু
নিহতের স্বামীও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের ধনবাড়িতে একটি পণ্যবাহী কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে একটি বাড়িতে ঢুকে উল্টে যাওয়ায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে ধনবাড়ি থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান।
নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রাণী দাস (৩৮) ও মেয়ে রাধিকা রাণী দাস (১১)। এই ঘটনায় আহত হয়েছেন গণেশ ।
ওসি জসিম জানান, গভীর রাতে একটি পণ্যবাহী কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার সড়কের পাশের একটি বাড়িতে উঠে পড়ে। এতে ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যরা চাপা পড়েন।
ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান এক নারী ও তার মেয়ে। এ সময় নিহতের স্বামীও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঘাতক কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
