১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই জেলেকে গুলি: বিজিপিকে প্রতিবাদলিপি পাঠাল বিজিবি

বিজিবি জানায়, এ ব্যাপারে বিজিপির ১ নম্বর ব্যাটালিয়নের অধিনায়কের বরাবর প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 02:47 PM

Updated : 22 Apr 2024, 02:47 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপিকে প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবি।

সোমবার দুপুরে এ প্রতিবাদলিপি পাঠানো হয় বলে জানিয়েছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “বাংলাদেশি জেলেরা বঙ্গোপসাগরে মৎস্য আহরণ শেষে রোববার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে যাচ্ছিলেন। কিন্তু শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক তিন কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে নাফ নদীর মোহনায় মিয়ানমারের একটি জাহাজ বঙ্গোপসাগরে যাচ্ছিল।

“এ সময় ওই জাহাজে অবস্থানরত বিজিপি সদস্যরা বাংলাদেশি জেলেদের ট্রলারকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে বাংলাদেশি দুইজন জেলে গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।”

এ ব্যাপারে প্রতিপক্ষ বিজিপির ১ নম্বর ব্যাটালিয়নের অধিনায়কের বরাবর প্রতিবাদলিপি পাঠানো হয় বলে জানান তিনি।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনার নাইকংদিয়া এলাকায় এ গুলি বর্ষণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক (৩৫) ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০) ।

Image

গুলিবিদ্ধ আহতদের প্রথমে টেকনাফ হাসপাতালে আনা হলে পরে একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জেলে মোহাম্মদ ইসমাইল জানান, চার দিন আগে এফ বি মায়ের দোয়া ট্রলার নিয়ে নয়জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান। রোববার ফেরার পথে সাগরে মিয়ানমারের অংশ অবস্থান নেওয়া মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ সংকেত দিয়ে তাদের দিকে যেতে বলেন।

সেটা মিয়ানমারের জলসীমা হওয়ায় তারা শাহপরীর দ্বীপের দিকে চলে আসতে থাকে। এ সময় পর পর গুলি বর্ষণ করা হয়। এতে দুইজন গুলিবিদ্ধ হন। অন্যরা অক্ষত রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

পুরানো খবর:

নাফ নদীতে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি ২ জেলে আহত